ওপেলিয়া কনি , কুষ্টিয়া: কুষ্টিয়ায় ইসলামি বক্তা মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর নাম বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন স্থানীয় নারীরা।
রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশ নারী ঝাড়ু হাতে বটতৈল মোড়ে জড়ো হন। সেখান থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে বিআরবি তেল পাম্প এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নারীরা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঝাড়ু মিছিলের নেতৃত্বদানকারী জেসমিন খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওয়াজ মাহফিলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃতভাবে উপস্থাপন করে চরম ধৃষ্টতা দেখানো হয়েছে। আমরা এই অপমানজনক বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তাকে জনসম্মুখে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, বিক্ষুব্ধ নারীদের ঝাড়ু মিছিলের খবর তিনি পেয়েছেন। তবে ঠিক কার কোন বক্তব্যকে কেন্দ্র করে এই উত্তেজনা, সে বিষয়ে তিনি বিস্তারিত খোঁজ নিচ্ছেন বলে জানান।
উল্লেখ্য, গত শুক্রবার কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ও আলোচিত বক্তা মুফতি আমির হামজার একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নাম বিকৃতভাবে উচ্চারণ করতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জেলা বিএনপির পক্ষ থেকেও এই বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে আমির হামজা একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, এই বক্তব্যটি ২০২৩ সালের পুরোনো। তিনি বিষয়টির জন্য ইতোমধ্যেই দুই দফায় দুঃখ প্রকাশ করেছেন। তা সত্ত্বেও স্থানীয় নারী ও রাজনৈতিক কর্মীদের মধ্যে ক্ষোভ কমছে না।
প্রিন্ট করুন








Discussion about this post