গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া এলাকায় বেদেপল্লীকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মান্নান নগর বাজারের লালঘর সংলগ্ন মুকবুল আহমেদ জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এওজবালিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বক্তব্য দেন এওজবালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকব হোসেন, ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মাজহারুল হক চৌধুরী শিবলু, সাবেক ছাত্রনেতা মামুনুর রশীদ বাবর, সামছদ্দিন ড্রাইভার ও সেলিম চৌধুরীসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, প্রায় ২০১০ সালের দিকে পূর্ব এওজবালিয়া এলাকায় বেদে সম্প্রদায়ের মানুষ স্থায়ীভাবে বসতি স্থাপন শুরু করেন। বর্তমানে সেখানে প্রায় ১ হাজার ৬০০ পরিবারের বসবাস। তবে স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার একটি অংশ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় আশপাশের জনপদে এর নেতিবাচক প্রভাব পড়ছে।
তাদের দাবি, মাদকের বিস্তারের কারণে এলাকার পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে তরুণদের একটি অংশ মাদকাসক্তির ঝুঁকিতে পড়ছে বলেও অভিযোগ করেন তারা।
সমাবেশে স্থানীয়রা আরও দাবি করেন, বেদেপল্লীতে বসতি স্থাপনের আগে এলাকায় মাদকের এমন বিস্তার ছিল না। পরবর্তীতে মাদক কারবারিদের তৎপরতা বেড়েছে বলে তারা অভিযোগ করেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বেদে সম্প্রদায়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলমগীর আলো বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল ও সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মী মাদক বা সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকেও ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী আন্দোলনে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post