গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পাখি ভ্যানের চালকসহ সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, গাংনী উপজেলার করমদী গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আবু তাহের (৩৫), তার স্ত্রী খুশিয়ারা খাতুন (৩০), ছেলে সাঈদ (১০), সোনিয়া খাতুন (২৮), মুরশিদা খাতুন (৪৩), মৃত আতিয়ার হোসেনের ছেলে আবির হোসেন (১২) এবং খোরশেদ আলীর ছেলে রায়হান (৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, করমদী গ্রাম থেকে বাওট গ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে যাত্রীবাহী ব্যাটারিচালিত পাখি ভ্যানটি ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ঔষধবাহী কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে পাখি ভ্যানে থাকা সাতজনই আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে বামন্দী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে খুশিয়ারা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং পা কেটে ফেলার প্রয়োজন হতে পারে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রিন্ট করুন









Discussion about this post