আলমডাঙ্গা প্রতিনিধি:
নির্বাচন-পরবর্তী উত্তাপকে পেছনে ফেলে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা দিলেন চুয়াডাঙ্গা–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
শনিবার তিনি দলের প্রতিনিধিবৃন্দসহ তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোঃ শরীফুজ্জামান শরীফ–এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও আলাপচারিতায় অংশ নেন।
সাক্ষাৎকালে দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং নির্বাচন-পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জেলার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় নবনির্বাচিত এমপি বলেন,
“দলমত নির্বিশেষে আমরা সকলে মিলে চুয়াডাঙ্গা জেলাকে উন্নত করবো। জনগণের কল্যাণই হবে আমাদের মূল লক্ষ্য।”
তিনি নির্বাচনে সমর্থন ও সহযোগিতার জন্য ভোটার, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসভবনে এমন সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ হিসেবে দেখছেন সচেতন মহল। দুই নেতার একসঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। অনেকেই মনে করছেন, এ উদ্যোগ ভবিষ্যতে চুয়াডাঙ্গার রাজনীতিতে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে সহায়ক হবে।
রাজনৈতিক ভিন্নমত থাকলেও উন্নয়নের প্রশ্নে একাত্মতার এ বার্তা স্থানীয় রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে বিশ্লেষকদের অভিমত।
প্রিন্ট করুন








Discussion about this post