স্টাফ রিপোর্টার : সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচিগামী পাকিস্তানের একটি মালবাহী বিমান পাঁচজন ক্রুসহ নিখোঁজ হয়েছে। মঙ্গলবার রাতে করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কে২ এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৪০০ মডেলের কার্গো বিমানটি করাচির উদ্দেশে উড়ে আসার সময় হঠাৎ করেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে বিমানটির পাইলট নেভিগেশন ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার বিষয়টি করাচি এরিয়া কন্ট্রোল সেন্টারকে (এসিসি) জানান। এরপর এসিসি তাৎক্ষণিকভাবে বিমানটিকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে নিরাপদ পথে ফিরিয়ে আনার চেষ্টা করে। তবে মাত্র তিন মিনিটের মধ্যেই বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি রাডার থেকেও হারিয়ে যায়।
সরকারি তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগে বিমানটি করাচি উপকূল থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে অবস্থান করছিল।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর প্রাথমিক তথ্যে দেখা যায়, রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে বিমানটির উচ্চতায় অস্বাভাবিক ওঠানামা হচ্ছিল। শেষ মুহূর্তে এটি এক মিনিটেরও কম সময়ে প্রায় ৫ হাজার ফুট নিচে নেমে যায়। এর প্রায় ৩০ সেকেন্ড পর আবার প্রায় ৬ হাজার ফুট ওপরে উঠে। তবে শেষ পর্যন্ত ৩৬ হাজার ৫৫০ ফুট উচ্চতা থেকে বিমানটি খাড়াভাবে নিচের দিকে নামতে শুরু করে।
রাডারে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১ হাজার ১০০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমানটি প্রতি মিনিটে প্রায় ২২ হাজার ৪০০ ফুট (ঘণ্টায় প্রায় ৪০০ কিলোমিটার) গতিতে নিচের দিকে নামছিল।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে পাঁচজন ক্রু ছিলেন। নিখোঁজ উড়োজাহাজ এবং এর আরোহীদের সন্ধানে আরব সাগরে সমন্বিত তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এপি-বিওআই (AP-BOI) নিবন্ধিত উড়োজাহাজটি একটি বোয়িং ৭৩৭-৪এম০ (বিডিএসএফ) কার্গো বিমান। এটি ২০২৪ সালে কে২ এয়ারওয়েজের বহরে যুক্ত হয়।
উড়োজাহাজটির ইতিহাসও দীর্ঘ। ১৯৯৯ সালে এটি প্রথম যাত্রীবাহী বিমান হিসেবে অ্যারোফ্লটের বহরে যুক্ত হয়। পরে ২০০৪ সালে এটি গারুডা ইন্দোনেশিয়ার বহরে অন্তর্ভুক্ত হয়। ২০১২ সালে বিমানটিকে মালবাহী উড়োজাহাজে রূপান্তর করা হয়। পরবর্তী সময়ে এটি টিএনটি এয়ারওয়েজ এবং এএসএল এয়ারলাইন্সের মাধ্যমে পরিচালিত হওয়ার পর শেষ পর্যন্ত কে২ এয়ারওয়েজের বহরে যুক্ত হয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post