স্টাফ রিপোর্টার : গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের পরিকল্পনা করে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (১২ জুলাই) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট পলাশবাড়ী শ্রী শ্রী কালী মন্দির এলাকা থেকে তাকে আটক করে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, রোববার থানায় একটি মানি লন্ডারিং মামলা হয়েছে। ওই মামলায় হরিদাস চন্দ্র তরণী দাস আসামি। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী শ্রী শ্রী কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কয়েকজন ব্যক্তি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মন্দিরে প্রবেশ করে তাকে বাইরে আসতে বলেন। পরে মন্দিরের বাইরে তার হাতে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান। তিনি বলেন, একটি মানি লন্ডারিং মামলায় সিআইডি তাকে আটক করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মন্দির এলাকায় কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ‘বৃহত্তম রামমূর্তি’ স্থাপন ও নির্মাণকাজ জুন মাসে স্থগিত ঘোষণা করে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
মন্দির কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রামমূর্তি নির্মাণকে ঘিরে বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন, মতামত ও প্রতিবাদ উঠে এসেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে নির্মাণকাজ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসন, রাজনৈতিক দল বা কোনো পক্ষের চাপের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post