কুড়িগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ডিজিটাল ডটনেট (ডিডিএন)-এ সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
কুড়িগ্রাম জেলার সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম অনলাইনের সিটিও মো. জাকির হোসেন রাজু। এ ছাড়া বক্তব্য রাখেন অপটিক্যাল কমিউনিকেশনের সুকুমার রায়, অরবিট ইন্টারনেটের আকাশ, আইপি ইন্টারনেটের কামরুজ্জামান এবং কুড়িগ্রাম আইএসপির মিলন কুমার সরকারসহ অন্যরা।
বক্তারা জানান, গতকাল দুপুর আনুমানিক ১২টার দিকে চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কের মন মিয়াজী লেনের মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিজিটাল ডটনেট (ডিডিএন) কার্যালয়ে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর দেশের আইএসপি খাতের উদ্যোক্তা, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। একই সঙ্গে দেশের ইন্টারনেট অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
তারা বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে সারা দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে এবং দেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়বে।
মানববন্ধন থেকে বক্তারা ইন্টারনেট ব্যবসা, উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইন্টারনেট অবকাঠামোর ওপর হামলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post