গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় সালেহ আহমেদ (৫০) নামে এক ব্যক্তির গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা উত্তরপাড়া এলাকার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত সালেহ আহমেদ ওই এলাকার মৃত ছেরাজুল হকের ছেলে। তিনি পেশায় স-মিলের মিস্ত্রি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সালেহ আহমেদ। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যায়। এতে তার গলায় গুরুতর জখম হয়।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পরিবারের সদস্যদের ধারণা, চুরির উদ্দেশ্যে কেউ ঘরে প্রবেশ করে সালেহ আহমেদকে হত্যার চেষ্টা করেছে। তবে ঘটনার পর ঘর থেকে কোনো মালামাল চুরি না হওয়ায় বিষয়টি নিয়ে তাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম দোলন জানান, ঘটনার সময় তিনি জেলা শহর মাইজদীতে ছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনের পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post