গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহিমকে (৪৮) ফেনীর দাগনভূঞা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দাগনভূঞার মিষ্টি মুখ সুইটসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহিম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উত্তর কচ্ছপিয়া এলাকার মৃত আবদুল বারিকের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার বিচার শেষে আদালত আব্দুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।
রায়ের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান রহিম। এভাবে প্রায় নয় বছর ধরে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করার পাশাপাশি নিজের জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানাও পরিবর্তন করেন তিনি।
দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর র্যাব তার অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে দাগনভূঞা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post