স্টাফ রিপোর্টার : দেশের বাজারে সুগন্ধি চালের দাম ও চাহিদা বেড়ে যাওয়ায় রফতানি নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে সরকার। আগে দেওয়া রফতানি অনুমোদনের বিপরীতে প্রতিষ্ঠানগুলো আসলে কতটুকু চাল বিদেশে পাঠিয়েছে, তা জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী তিন কর্মদিবসের মধ্যে এ সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখা থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি ও অভ্যন্তরীণ চাহিদা বিবেচনায় আগে অনুমোদন করা রফতানি কোটা কমানো বা প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা হতে পারে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যেসব প্রতিষ্ঠান অনুমোদিত পরিমাণের পুরোটা রফতানি করতে পারেনি বা আংশিক রফতানি করেছে, তাদের অব্যবহৃত কোটা বিশেষভাবে পর্যালোচনা করা হবে। প্রকৃত রফতানির তথ্য যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে ২ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ে সুগন্ধি চালের বাজার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উৎপাদন, অভ্যন্তরীণ চাহিদা, বাজার পরিস্থিতি এবং রফতানির বাস্তব চিত্র পর্যালোচনা করা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রথম দফায় ২১১টি এবং দ্বিতীয় দফায় ৬৭টি প্রতিষ্ঠান অনুমোদন পায়। তবে অনুমোদিত অনেক প্রতিষ্ঠানই নির্ধারিত কোটা অনুযায়ী রফতানি করতে পারেনি বলে বৈঠকে জানানো হয়।
এদিকে ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, দেশের শীর্ষ ১০টি বড় মিল মালিকের কাছে বিপুল পরিমাণ সুগন্ধি চাল মজুত রয়েছে। বাজারে পর্যাপ্ত চাল সরবরাহ না করায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং এর ফলে দাম বাড়ছে বলে তাদের দাবি।
বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মুনাফার প্রবণতা ঠেকাতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর সমন্বয়ে বাজার মনিটরিং জোরদার করা হবে।
প্রতিষ্ঠানগুলোর দেওয়া রফতানি তথ্য যাচাই শেষে অনুমোদিত কোটা কমানো বা সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের লক্ষ্য, অভ্যন্তরীণ বাজারে সুগন্ধি চালের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি প্রকৃত রফতানিকারকদের সুযোগ অব্যাহত রাখা।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post