ওপেলিয়া কনি, কুষ্টিয়া// কুষ্টিয়ার মিরপুরে রেলস্টেশন চালু, অবকাঠামোগত উন্নয়ন, স্টেশন মাস্টার পদায়নসহ ৭ দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে সর্বস্তরের জনগণ। উপজেলা উন্নয়ন কমিটির উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুর রেলস্টেশনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ৭ দিনের মধ্যে স্টেশন মাস্টার পদায়নসহ দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে অবরোধ অব্যাহত রাখেন। পরে বিএনপি মনোনীত কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল গফুর আন্দোলনরতদের উদ্দেশে বক্তব্য দেন।
এ সময় উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি রহমত আলী রব্বান, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আক্তার মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল কলেজ,মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীরাসহ সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন।
অবরোধের কারণে খুলনা-রাজশাহী ও ঢাকাগামী দুটি ট্রেন আটকা পড়ে। ফলে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচলে মারাত্মক সিডিউল বিপর্যয় ঘটে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
বিক্ষোভকারীরা জানান, শতবর্ষী মিরপুর রেলস্টেশনটি নির্মাণের পর থেকে উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। স্টেশনের অবকাঠামো চরমভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে স্টেশন মাস্টার না থাকায় যাত্রীসেবা ব্যাহত হচ্ছে। এসব কারণে মিরপুরসহ আশপাশের ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ১৫ লাখ মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একাধিকবার দাবি জানানো হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তারা।
প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোসাঃ হাসিনা খাতুন স্বাক্ষরিত এক পত্রে চুয়াডাঙ্গার এএসএম কামরুল হাসানকে মিরপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হিসেবে পদায়নসহ আন্দোলনকারীদের সকল দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। এরপর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ওপেলিয়া কনি//দৈনিক দেশতথ্য//১৫ ডিসেম্বর ২০২৫
প্রিন্ট করুন









Discussion about this post