দৈনিক দেশ তথ্য, ঢাকা অফিস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় কুষ্টিয়ায় যুবদলের তিন নেতা-কর্মী বহিষ্কার হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন: মো. জাকারিয়া আনসার মিলন: আহ্বায়ক, কুমারখালী উপজেলা যুবদল, কুষ্টিয়া। হারুন খান: সাধারণ সম্পাদক, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদল, চাঁদপুর সদর উপজেলা। মো. হানিফ কবিরাজ: যুবদল কর্মী, ৪নং ওয়ার্ড, আইলচারা ইউনিয়ন, কুষ্টিয়া সদর উপজেলা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. জাকারিয়া আনসার মিলনের বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অন্যদিকে, হারুন খান ও মো. হানিফ কবিরাজের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই বহিষ্কার আদেশ কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বহিষ্কৃত ব্যক্তিদের কোনো অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। একইসাথে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
এবি//দৈনিক দেশতথ্য//
প্রিন্ট করুন








Discussion about this post